বেহাল জাতীয় সড়ক, প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের
দি নিউজ লায়ন ; বেহাল মালদার ৩৪ নম্বর জাতীয় সড়ক। দীর্ঘদিন ধরে জেলা তৃণমূল নেতৃত্ব বেহাল জাতীয় সড়কের বিষয় নিয়ে বিক্ষোভ, প্রতিবাদ দেখিয়ে আসছেন। কিন্তু তারপরেও টনক নড়েনি এনএইচএআই (ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া) কর্তৃপক্ষের।
অবশেষে মঙ্গলবার পথসভার পর এনএইচএআই-এর প্রজেক্ট ডিরেক্টরকে অফিস থেকে বার করে বেহাল রাস্তায় হাঁটালেন জেলা তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার দুপুরে পুরাতন মালদা পুরসভার মঙ্গলবাড়ী এলাকার এনএইচএআই-এর প্রজেক্ট ডিটেক্টরের অফিসের সামনে বেহাল জাতীয় সড়কের পরিস্থিতি নিয়ে প্রতিবাদ সভা করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
এদিনের এই প্রতিবাদ সভাটি জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পুরাতন মালদার তৃণমূলের টাউন সভাপতি বিভূতি ঘোষ , সহ-সভাপতি নবরঞ্জন সিনহা, পুরাতন মালদা পুরসভার প্রশাসক কার্তিক ঘোষ , জেলা যুব তৃনমূলের সভাপতি প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা।
এদিন মঙ্গলবাড়ী এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূলের এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । সেই প্রতিবাদ সভায় মঙ্গলবাড়ী মহানন্দা ব্রিজ থেকে নলডুবি এলাকার বেহাল জাতীয় সড়কের অবস্থার কথা তুলে ধরেন তৃণমূল নেতারা। এরফলে প্রায় দিনই দুর্ঘটনা এবং সাধারণ মানুষের দুর্ভোগের কথা প্রতিবাদ সভায় তুলে ধরা হয়।
পরে সভা শেষ করে মঙ্গলবাড়ী এলাকার এনএইচএআই-এর প্রজেক্ট ডিরেক্টরের অফিসে যান এবং কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর তাদেরকে বেহাল রাস্তা স্বচক্ষে দেখার জন্য অফিস থেকে নিয়ে আসেন। খানাখন্দ এবং জলকাদায় ভর্তি রাস্তা দিয়ে প্রজেক্ট ডিরেক্টরকে হাঁটান তৃণমূলের নেতারা। পরিস্থিতি দেখে দ্রুত বেহাল জাতীয় সড়কের সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন এনএইচএএই-এর মালদার প্রজেক্ট ডিরেক্টর দিনেশ কুমার হানসারিয়া।
এদিন পুরাতন মালদা পুরসভার মঙ্গলবাড়ী এলাকার জাতীয় সড়কের পাশেই প্রতিবাদ সভার মঞ্চ গড়ে একে একে তৃণমূলের নেতারা বক্তব্য রাখেন। বিগত দিনে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ সম্পন্ন না করে টোলট্যাক্স কেন নেওয়া হচ্ছে তার প্রতিবাদে আন্দোলন চালিয়ে আসছে তৃণমূল নেতৃত্ব।
এরই মধ্যে বর্ষার মরশুমে পুরাতন মালদা এলাকার জাতীয় সড়কের বেহাল অবস্থা তৈরি হয়েছে, তার প্রতিবাদ জানিয়ে মূলত এদিন তৃণমূলের এই প্রতিবাদ সভাটি করা হয়। এনএইচএআই-এর মালদার প্রজেক্ট ডিরেক্টর দিনেশ কুমার হানসারিয়া জানিয়েছেন , জাতীয় সড়কের যেসব জায়গায় জল জমছে, গর্ত হয়েছে, সেখানে বুধবার থেকেই সংস্কারের কাজ শুরু করে দেওয়া হবে।
এদিন মহানন্দা সেতু সহ বেশ কিছুটা পথ পায়ে হেঁটে ঘুরে দেখেছি। রাস্তার দুধারে নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলকাদা জমেছে । সেটিও যাতে দ্রুত সংস্কার করা যায় তারও উদ্যোগ নেওয়া হচ্ছে।

Post a Comment